করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই থামছে না। বরং এই বিভাগের বিভিন্ন জেলায় করোনার মৃত্যুমিছিলে প্রতিদিনই নতুন নতুন মরদেহ যোগ হচ্ছে। শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিভাগের করোনা চিকিৎসার অন্যতম প্রধান চিকিৎসালয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।
বৃহস্পতিবার (২৪ জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার এই হাসপাতালে মারা যায় আরও ১৬ জন।মঙ্গলবার (২২ জুন) আরও ১৩ জনের মৃত্যু হয়। গত সোমবারও (২১ জুন) ১৩ জনের মৃত্যু হয়। এনিয়ে গত ২৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ৩১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ২৯৮ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
রামেক হাসপাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ১৩ জন, নওগাঁর ৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১জন রয়েছেন। মৃতদের মধ্যে পজিটিভ শনাক্ত ছিলেন ১০জন। পজিটিভ শনাক্তদের মধ্যে রাজশাহীর ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। মৃতদের অন্য ১০ জন সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার (২২ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে রিপোর্টে বলা হয়।
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয় ‘ বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৪ জন।বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে মোট ৪০৪ জন করোনারোগী ভর্তি আছেন।’
রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে মোট ৪০৪ জন রোগীর মধ্যে রাজশাহীর ২৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার ১ জন ও ঢাকার ১ জন রয়েছেন।
রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত গত ৩০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২৯৮জনের মৃত্যু হয়েছে।’