দেশে করোনাভাইরাসের সংক্রমন পরিস্থিতির উন্নতি ঘটলেও ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে দিয়েছে জনগণের উদ্বেগ। শনিবার (৩০ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫২ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন আরও ২ জন। এনিয়ে দেশে মোট ৯১ জন মারা গেলেন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, শনিবার গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১৫২ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর ৪৬ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। রাজধানীর বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৯০জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৩৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫১ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৩হাজার ৫০৯ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২হাজার ৬২৮ জন রোগী।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের জুলাই মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৪ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।