সোমবার আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৯:২৫ পিএম

সোমবার আরও ৩২১  ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুর প্রকোপ যেনো কোনেভাবেই কমছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩২১ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন করে আক্রান্ত হওয়া ৩২১ জনের মধ্যে ঢাকার বাইরে ৭৫ জন এবং বাকি ২৪৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন এবং রাজধানীর বাইরে ১৯১ জন।

চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ৮ জন মারা গেছেন।

গত অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৪ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৪ জন মারা গেলেন মশাবাহিত এই ভাইরাস রোগে।

চলতি বছর মোট ১৪ হাজার ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। 

Link copied!