স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত বিএইচআরএফ’র

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২১, ১২:০০ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত বিএইচআরএফ’র

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা,গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধন্ত নিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

মঙ্গলবার (১৮ মে) সকালে গণমাধ্যমে পাঠানো  বিএইচআরএফ ও  বিএসআরএফ পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বিএসআরএফ জানিয়েছে, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) একই কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে।

এর আগে, মঙ্গলবার (১৮ মে)  সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সংবাদ সম্মেলনে সাংবাদিক রোজিনা ইসলামের বিপক্ষে অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরার  কথা ছিল।  সবাইকে স্বাস্থ্যবিধি ঠিক রেখে সংবাদ কাভারেজের অনুরোধ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

 

প্রসঙ্গত, অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Link copied!