২৮ ফেব্রুয়ারি থেকে ফাইজারের টিকাদান কার্যক্রম বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৩৮ পিএম

২৮ ফেব্রুয়ারি থেকে ফাইজারের টিকাদান কার্যক্রম বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকাদান কার্যক্রম আসছে ২৮ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফাইজারের টিকাদান বন্ধ থাকবে। ফাইজার টিকার মজুদ শেষ হয়ে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি  বলেন, “আমাদের হাতে থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে ফাইজারের টিকা দেওয়া হবে না।” 

ফাইজারের টিকাদান কার্যক্রম ফের কবে চালুি হতে পারে-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের  এই পরিচালক বলেন, “টিকার মেয়াদ শেষ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সেটা আমাদের হাতে এসে পৌঁছাবে। নতুন টিকাগুলো ফাইজারের। তা ইতোমধ্যে বাংলাদেশের পথে রয়েছে। টিকা দেশে আসলে ওষুধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পর পরই টিকা কার্যক্রম পুনরায় চালু করা হবে।”

ডা. সাইদুজ্জামান আরও বলেন, “পুনরায় ভ্যাকসিন কার্যক্রম শুরুর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা নেই। আমরা কোনো ফরমালিটির মধ্যে যাব না। নতুন ভ্যাকসিন হাতে পাওয়ার পরে স্বাভাবিকভাবে টিকা দেওয়া হবে।”

Link copied!