‘৪-৫ দিনের মধ্যে কোটিরও বেশি লোক টিকা পাবে’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৫:০৯ পিএম

‘৪-৫ দিনের মধ্যে কোটিরও বেশি লোক টিকা পাবে’

আগামী চার-পাঁচ দিনের মধ্যে সারা দেশে কোটির বেশি মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ফাইজারের ৬০ লাখ টিকার পাশাপাশি নতুন করে আরও ৭১ লাখ টিকা পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত রাতে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা এসেছে, আরও আসবে। ফলে আবারও ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টিকা দেয়া হবে।’

‘আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বড় পরিসরে টিকা দেয়ার প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধী পর্যাপ্ত টিকা রয়েছে। কয়েক দিনের মধ্যে আমরা ১ কোটির অধিক মানুষকে টিকা দেব। এ ছাড়া চলমান টিকাদান কর্মসূচিও অব্যহত থাকবে।’

বিমানবন্দরে  পিসিআর পরীক্ষার কাজের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরে দুই থেকে তিন দিনের মধ্যে করোনার নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে। জায়গা সংকটের কারণে ল্যাব তৈরিতে দেরি হয়েছে। গত পরশু দিন আমরা জায়গা ঠিক করে এসেছি বলে্র জানান তিনি।

করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে বাংলাদেশ

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারির মধ্যেও আমাদের জিডিপি ৬- এর ওপরে রয়েছে। আমরা খাদ্য ও প্রোটিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এখন সবজি রপ্তানি করছি।’

তিনি বলেন, ‘এখন সংক্রমণ চার শতাংশের মধ্যে রয়েছে। অনেকের কাজ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গর্ভবতীদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হলে সুন্দর আগামী প্রজন্ম পেতে সক্ষম হব। করোনার সময়েও আমরা খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছি।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

 

 

Link copied!