জানুয়ারি ৭, ২০২৩, ১১:০৩ এএম
অ্যালিগেটর স্নাইপার রাইফেলের পর এবার রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানো সাঁজোয়া গাড়ি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাতে ইউক্রেনিয় সেনাদের নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলস।
সোমবার জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানো সাঁজোয়া গাড়ি দেওয়ার বিষয়য়টি উঠে আসে।
পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনার ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় দেশটিকে প্রয়োজনীয় সাহায্যের বিষয়ে আলোচনা করেন তাঁরা। ওই আলোচনার সূত্রেই উঠে আসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ।
প্রায় ২০ বছর আগে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হুসেনের বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে প্যাট্রিয়ট ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী। বেশিরভাগহ ক্ষেত্রেই ইরাক সেনার ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্র স্কাডকে আকাশপথেই চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারত প্যাট্রিয়ট।
যুদ্ধের গোড়াতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর হাতে বহুজাতিক সংস্থা জাডো হোল্ডিং লিমিটেডের তৈরি অ্যালিগেটর স্নাইপার রাইফেল তুলে দিয়েছিল জার্মানি। খেরসন, জ়াপোরিজিয়ায় রুশ সেনার কনভয়ের উপর হামলায় ইতিমধ্যেই কার্যকারিতা প্রমাণ করেছে সেই অস্ত্র। এবার ইউক্রেনকে দিতে চলেছে প্যাট্রিয়ট।