ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতায় না থাকলেও রুশ বাহিনীর বিরুদ্ধে ব্রিটেনের সহযোগিতা তার সময়ে যেভাবে চলে আসছিল তা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ইউক্রেনিয় নেতা।
বরিস জনসনের পদত্যাগের পর মার্কিন গণমাধ্যম সিএনএন’কে নিজের প্রতিক্রিয়া জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনের সত্যিকারের বন্ধু ছিল বরিস।”
জেলেনস্কি বলেন, “তার দৃঢ় বিশ্বাস বরিস জনসন পদত্যাগ করলেও, ইউক্রেনকে যুক্তরাজ্য যেভাবে সহায়তা করে যাচ্ছিল সেই সহায়তা অব্যহত থাকবে। এই সহায়তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না।“
সদ্য পদত্যাগ করা ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইউক্রেনের নেতা আরও বলেন, “প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতায় থাকাকালে ব্রিটেন থেকে অনেক কিছু পেয়েছে ইউক্রেন। যার মধ্যে রয়েছে দ্রুত সময়ের মধ্যে শক্তিশালী সামরিক সাহায্য।”
এদিকে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে নিজের পদত্যাগের সময়ও ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন বরিস জনসন।
ওইসময় বরিস জনসন বলেন, “যতক্ষণ পর্যন্ত ইউক্রেন তাদের পূর্ণ স্বাধীনতা ফিরে না পাচ্ছে ততক্ষণ তারা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য তাদের হয়ে লড়াই করে যাবে।”
ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে সদ্য পদত্যাগকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি যুক্তরাজ্যে থাকা আমরা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ আপনারা স্বাধীনতা ফিরে না পাচ্ছেন।”