গুজরাটের সেতু ধসে জড়িত থাকার অভিযোগে নয় জন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২২, ১২:২৮ পিএম

গুজরাটের সেতু ধসে জড়িত থাকার অভিযোগে নয় জন গ্রেপ্তার

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রোববার সন্ধ্যায় মোরবি জেলার মাচ্চু নদীর ওপর ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ‘জুল্টো পুল’ ভেঙে পড়লে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়। মারা যায় ১৩৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানিয়েছিল, পরে তা সংশোধন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে আছে। সাহায্য পাওয়ার জন্য চিৎকার করছিলেন অনেকে। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।

বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে চার জন সেতুটির রক্ষণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা একটি কোম্পানির কর্মী।

১৯ শতকে ব্রিটিশ শাসনের সময় আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয়দের কাছে জুল্টো পুল নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান।

সাত মাস বন্ধ রেখে সংস্কার কাজ সেরে মাত্র পাঁচ দিন আগে গুজরাটের নববর্ষের দিন সেতুটি খুলে দেয়া হয়েছিল। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন। 

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার আগের দিন সেতুটিতে অনেকেই জটলা করে। তাদের সেখানে লাফালাফি করতেও দেখা যায়।

Link copied!