জুলাই ১৬, ২০২২, ০৩:৪৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতে ১৮টি চুক্তি সম্পন্ন হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যে শুক্রবার সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের ওইসব চুক্তি হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর আলোকে এসব চুক্তি সই হয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বাইডেনের বৈঠক হয়। বৈঠকের পরই তারা ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন।
ঘোষণায় বলা হয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে থামাতে ওয়াশিংটন তার শক্তির সবটুকু ব্যবহার করবে। ওই ঘোষণায় ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হোয়াইট হাউস।