তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের আয়োজনের সাথে জড়িত দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর নিয়ে কাজ করেছিল। এ জন্য শুক্রবার (৭ এপ্রিল) এ দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে চীনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না। এমনকি এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হাডসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে। এছাড়াও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজতর করেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ও মার্কিন হাইজ স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে যে বৈঠক হয়েছে তা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
এর আগে গত বছর চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। সে সফরের আগে চীন হুমকি দেয়, ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে। হুমকি নিয়েই এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান ন্যান্সি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানে পা রাখেন।