অর্থনৈতিক সংকটে বেহাল অবস্থা বিশ্বের বিভিন্ন দেশের। মূল্যস্ফীতিসহ নানা ধরনের সমস্যা জর্জরিত করছে মানুষকে। এ ধরনের জীবনযাত্রার সংকটে ভুগছে যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোও। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায় আর্থিক সংকট মোকাবিলায় একাধিক বেলা না খেয়ে থাকছেন ব্রিটেনের অনেক পরিবার।
'হুইচ?' নামে এক ভোক্তা অধিকার গোষ্ঠীর জরিপে এ তথ্যই বেরিয়ে এসেছে বলে জানিয়েছে গার্ডিয়ান। আসন্ন দুর্ভোগ নিয়ে গোষ্ঠীটি সতর্ক করে জানায়, খরচ বাঁচাতে একাধিক বেলা না খেয়ে থাকছে লাখ লাখ ব্রিটিশ নাগরিক।
বার্তা-সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যের বহু মানুষ জ্বালানি দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছে। সেপ্টেম্বরে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে হয়ে যায়। খবরটি প্রকাশের পর ভোক্তা গোষ্ঠীর রিপোর্টটি সামনে আসে।
এএফপি জানায়, সংকটের কারণে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের খাবার কমানোর তথ্যটি সামনে এনেছে ভোক্তা অধিকার গোষ্ঠী 'হুইচ?'। তারা দাবি করছে, মানুষের সাধারণত তিনবেলা খাবার খাওয়ার কথা থাকলেও জীবনযাত্রার সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের অর্ধেক পরিবার এখন খাবারের সংখ্যা কমিয়ে দিচ্ছে। ৩ হাজার মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটি।
এছাড়া একই পরিমাণ পরিবার অর্থনৈতিক সংকটের আগের তুলনায় স্বাস্থ্যকরভাবে খাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মনে করছে। আর এরমধ্যে ৮০ শতাংশ ব্রিটিশ নাগরিক স্বাস্থ্যকর খাবার খেতে আর্থিকভাবে বাধার মুখে পড়ছেন।