আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় তালেবানের অন্যতম এক শীর্ষ ধর্মীয় নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাবুলে অনুষ্ঠিত একটি সেমিনারে হামলাকারী একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে শেখ রহিমুল্লাহ হাক্কানি নামে ওই ধর্মীয় নেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কাতাভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবান মুখপাত্র বিলাল করিমি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে সম্মানিত আলেম (শেখ রহিমুল্লাহ হাক্কানি) শত্রুদের কাপুরুষোচিত হামলায় শহীদ হয়েছেন।’ তবে কে বা কারা এই হামলার জন্য দায়ী তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি তালেবান কর্তৃপক্ষ।
তালেবানের একাধিক সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলাকারী এমন একজন যিনি আগে তার পা হারিয়েছিলেন এবং একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে বিস্ফোরকগুলি লুকিয়ে রেখেছিলেন।
তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, “আমরা তদন্ত করছি হামলাকারী কে এবং কারা ওই ব্যক্তিকে শেখ রহিমুল্লাহ হাক্কানির ব্যক্তিগত অফিসে প্রবেশের জন্য এই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছিলেন।” এটি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের জন্য অনেক বড় ক্ষতি বলেও তিনি মন্তব্য করেন।