সেপ্টেম্বর ৪, ২০২২, ০২:২৬ পিএম
রাশিয়া ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে দাবি করেছেন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভলোদিন।
ভলোদিনের বরাত দিয়ে গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গাজপ্রম গত বুধবার থেকে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।
গত শনিবার আবারও গ্যাস সরবরাহ চালুর কথা থাকলেও সংস্থাটি জানিয়েছে, তারা পাইপলাইনের টারবাইন থেকে তেল লিক খুঁজে পেয়েছে। এই কারিগরি সমস্যার সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।
ভলোদিনের মতে, ইউরোপের নেতারা 'নিজেরাই নিজেদের জন্য এই সমস্যা তৈরি করেছেন।'
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে ২টি পথ খোলা আছে।
'প্রথমত, আমাদের দেশের বিরুদ্ধে আরোপিত এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং নর্ড স্ট্রিম ২ চালু করুন। দ্বিতীয়ত, এখন যেভাবে যা চলছে, সেভাবেই চলতে দিন, যার ফলে আরও অর্থনৈতিক সমস্যা দেখা দেবে এবং নাগরিকদের জীবনে আরও জটিলতা আসবে,' যোগ করেন দুমার স্পিকার ভলোদিন।