নিউইয়র্কে প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা বেড়ে ১৮

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৪ পিএম

নিউইয়র্কে প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে শৈত্যপ্রবাহের প্রভাবে গত কয়েক দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, জানুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া এই তীব্র ঠান্ডায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মেয়র আরও একজনের মৃত্যুর খবর জানান এবং বললেন, প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি। প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। টানা ১৩ দিন ধরে শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস বা ৩২ ডিগ্রি ফারেনহাইটের নিচে রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় দশকের মধ্যে নিউইয়র্কে এমন তীব্র শীত আরও দেখা যায়নি।

শহরে ১৯ জানুয়ারি থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ঘরহীন ও অসহায় মানুষদের জন্য প্রায় ১,৪০০টি স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। ২৭ জানুয়ারি মেয়র জানিয়েছিলেন, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে খোলা আকাশের নিচে বা রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বাকিদের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।

বর্তমানে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা শহরজুড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি ঘোষণা করেছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতি এখনও বিপজ্জনক।

সাধারণত এই সময়ে গড় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও এবারের শৈত্যপ্রবাহ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ১৯৬৩ সালের পর টানা দুই সপ্তাহ ধরে শহরবাসী এত কঠিন শীতের মুখোমুখি হয়নি। মেয়র নাগরিকদের নিরাপদ থাকার, ঘরে অবস্থান করার এবং একে অপরের খোঁজ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!