কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার) সকালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে অন্তত একজন পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে তাকে আকাশ থেকে নেমে আসতে দেখা যায়। তবে বিমানে অন্য কোনো ক্রু সদস্য ছিলেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই শক্তিশালী যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো, তা এখনও রহস্যের আড়ালে রয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে এই ক্র্যাশের ঘটনা ঘটেছে। যদিও এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন পুরো অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর তৎপরতা তুঙ্গে।