ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে মার্কোস জয়ী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২২, ০৯:২৩ এএম

ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে মার্কোস জয়ী

৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো। ফিলিপাইনের সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। সোমবারের ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট।

ফ্রান্স২৪, নিক্কেই এশিয়া, ডয়েচে ভেলেসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এদিন মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি।

সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দপ্তর থেকে এক ভিডিও বার্তায় বিজয় ঘোষণা না করেই সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‌‘আমাদের লড়াইয়ে অংশগ্রহণকারী প্রত্যেককেই ধন্যবাদ।’

Link copied!