ঈদ সামনে আসায় ঘরে ঘরে চলছে প্রস্তুতির তৎপরতা। নতুন জামাকাপড় কেনা, বাসা সাজানো এবং মুখরোচক খাবার তৈরির পরিকল্পনায় সবাই উদ্দীপ্ত। এই আনন্দঘন সময়ে অতিথি আপ্যায়নের তালিকায় ঠাণ্ডা মিষ্টান্ন হিসেবে ফালুদা বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। সহজ উপকরণে ঘরেই বানানো যায় বলেই অনেকেই নিজ হাতে ফালুদা তৈরি করতে আগ্রহী। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। চাইলে খুব সহজেই ঘরে বানানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রেসিপি—
উপকরণ:
১. নুডলস – পরিমাণমতো
২. আইসক্রিম – ইচ্ছেমতো
৩. বেসিল সিড – ২ টেবিল চামচ (৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে)
৪. আপেল, আঙুর, নাশপাতি – কুচি করে কাটা
৫. ড্রাই ফ্রুটস – পরিমাণমতো
৬. জেলেটিন – হরেক রঙের
৭. আগার-আগার – ২ টেবিল চামচ
৮. দুধ – ১ কাপ
৯. চিনি – ২ চা চামচ
১০. ভ্যানিলা অ্যাসেন্স – ২–৩ ফোঁটা
প্রস্তুত প্রণালী:
প্রথমে নুডলস গরম পানিতে সেদ্ধ করুন। জেলি তৈরি করতে এক কাপ পানিতে আগার-আগার মিশিয়ে ফুটিয়ে নিন। চাইলে রেডিমেড জেলিও ব্যবহার করা যেতে পারে।
দুটি ছোট বাটিতে পছন্দমতো ফুড কালার দিয়ে আগার-আগার মিশানো পানি রেখে ঠান্ডা করুন। তারপর ফ্রিজে আধা ঘণ্টা রাখুন। এতে জেলি তৈরি হয়ে যাবে।
এক কাপ দুধে চিনি ও ভ্যানিলা অ্যাসেন্স ফুটিয়ে ১/৪ কাপ করে রাবরি বানান। এরপর যে পাত্রে ফালুদা পরিবেশন করবেন সেখানে কিছু রুহ আফজা সিরাপ দিয়ে সাজান।
ধাপে ধাপে ভেজানো বেসিল সিড, নুডলস, রাবরি, ফল কুচি, জেলি, ড্রাই ফ্রুটস এবং আইসক্রিম দিয়ে একটি লেয়ার তৈরি করুন।
একইভাবে ২–৩টি লেয়ার তৈরি করুন।
ফালুদা ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পরিবেশন করুন।