ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়িতে ঢুকে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তাকে বাঁচাতে গেলে তার বাবা-মাও আহত হন।
রবিবার রাতের দিকে সরফভাটা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ইঞ্জিনিয়ার ওসমান গনি (৪২), যিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী কয়েকজন ব্যক্তি হঠাৎ বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় গুলির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বাধা দিতে গেলে তার মা ও বাবাকেও মারধর করা হয়।
ওসমান গণির শরীরের বিভিন্ন স্থানে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তার মা-বাবা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পরপরই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মুখোশধারী কয়েকজন হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।