ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট কাটবে না: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৫২ পিএম

ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট কাটবে না: রিজভী

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ না হলে দেশের গ্যাস ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানি সংকট এখন আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। কোনো একটি দেশের একক প্রচেষ্টায় এ সংকটের সমাধান সম্ভব নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতির উন্নতি হবে। তবে ধীরে ধীরে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের হস্তক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জিয়াউর রহমান নারীর নেতৃত্ব ও অংশগ্রহণে বিশ্বাস করতেন। দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।

নারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ। বাঁধনের ওপর হামলাকে তিনি ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

রিজভী আরও বলেন, ফ্যামিলি কার্ডে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীর হাতে তুলে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সময়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করা হয়েছিল। এখন সেটি স্নাতক পর্যন্ত করার চিন্তা করছে সরকার।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোটা জাতিকে এগিয়ে নিতে তারেক রহমান কাজ করছেন। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের উদ্যোগকে তিনি যুগান্তকারী বলে উল্লেখ করেন।

Link copied!