ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। আজ (বুধবার) বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে করে গ্রামে প্রবেশ করে ভোটারদের মধ্যে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। তাদের ভাষ্য অনুযায়ী, তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা—মোট দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। সংশ্লিষ্ট প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়িচালকসহ দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে আটক হাবিবুর রহমান হেলালী অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাছে এত টাকা ছিল না। নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনরত এজেন্টদের খাবারের খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। বিএনপির লোকজন জোর করে তার গাড়িতে অতিরিক্ত টাকা রেখে তাকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।
মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াসও একই দাবি করে বলেন, হাবিবুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
অন্যদিকে, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, জামায়াত কুমিল্লা-৩ আসনের বিভিন্ন এলাকায় টাকা বিতরণের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করছে। বুধবার সকালে স্থানীয়রা হাতেনাতে একজনকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।