মার্চ ১৭, ২০২৬, ০২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মাওলানা আবদুল হালিমের অভিযোগ, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার স্বাভাবিক ধারাকে ব্যাহত করা হয়েছে। তার মতে, এসব নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামত বা অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি আরও বলেন,
বিশ্ববিদ্যালয়গুলোতেও ভাইস চ্যান্সেলরসহ গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। একইভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও দলীয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি দাবি করেন।
জামায়াতের এই নেতা বলেন, এসব পদক্ষেপ গণতন্ত্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানান তিনি।