ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা সামগ্রী পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান ফুল ও মিষ্টি গ্রহণ করেন। এ সময় কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহিদী উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বড় জয়ের জন্য তারেক রহমান, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন। একই সঙ্গে তিনি আগাম রমজান মোবারক জানান এবং সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ৩০০ আসনের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে অভিনন্দন ও শুভেচ্ছার ধারাবাহিকতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা ও উপহারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।