ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, গেল নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে।
আজ (শুক্রবার) জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। গেল নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে, জাতির সামনে এটা পরিষ্কার।
জামায়াত আমির আরও বলেন, এই প্রথম বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। জীবনে এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহতা’আলাও আমাদের দান করেছেন।
তিনি নেতাকর্মীদের সবকিছু পেছনে ফেলে সম্মিলিত শক্তির বিরুদ্ধে আগামী লড়াইয়ের আহ্বান জানান।
এর আগে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই দলে দলে অংশ নেন। শিবিরে সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক শিক্ষা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত ও আদর্শবান কর্মীর কোনো বিকল্প নেই।
শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই শিক্ষাশিবির সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে।