ঈদযাত্রার বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, সরকারের কঠোর সমালোচনায় শফিকুর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০১:৫২ পিএম

ঈদযাত্রার বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, সরকারের কঠোর সমালোচনায় শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

ঈদকে ঘিরে দেশের সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।
 

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ঈদ উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে ফেরা মানুষের জন্য যাত্রাপথে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
শফিকুর রহমানের দাবি, এবারের ঈদযাত্রায় বিশৃঙ্খলা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এ পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত ও বক্তব্য থেকেই এই সমস্যার ভিত্তি তৈরি হয়েছে।
 

ভাড়া সংক্রান্ত বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কম ভাড়া নেওয়ার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন—এমন অভিযোগ তুলে তিনি এটিকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করেন।
 

জামায়াত আমির আরও বলেন, সাধারণ মানুষের কষ্ট ও হতাশা নিয়ে কেউ ভাবছে না। বর্তমান পরিস্থিতি দেখে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, জনগণ ও তরুণ সমাজ কোনো ধরনের স্বৈরাচারী প্রবণতা মেনে নেবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।

Link copied!