ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজ (বুধবার) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, ‘অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক হয়েছেন। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন, প্রশ্ন আসছে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।’
আচরণবিধির এই স্পষ্ট লঙ্ঘন গণবিচ্ছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে।’
বিএনপির জনপ্রিয়তায় একটি গোষ্ঠী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক উল্লেখ করে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
এ সময় বিএনপির আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ‘অর্থ দেয়ার বিষয়টি আমরা আগে থেকেই সন্দেহ করেছি এবং তা-ই হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নজরদারি করে ব্যবস্থা নিচ্ছে, তা ইতিবাচকভাবে দেখছি।’
ভোটের সার্বিক প্রক্রিয়া এখন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘ তবে এখন সর্তক ছাড়া কিছু নেই।’