ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:২৪ পিএম
জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন জাতীয় সংসদই আগামী দিনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তিনি মনে করেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসার এই মুহূর্তে সংসদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক দিকনির্দেশনার মূল মঞ্চ। তাঁর ভাষায়, এই সংসদ দেশকে একটি নতুন পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে।
তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং দেশকে একটি বিকশিত ও লক্ষ্যনির্ভর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে কাজ করবে। দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসাকে তিনি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন।
পূর্ববর্তী সংসদগুলোর কার্যকারিতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দলের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ করে তোলা হবে। খুব শিগগিরই এর বাস্তব প্রতিফলন দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মির্জা ফখরুল ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে কাজ করা জরুরি। বিরোধী দলের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর সংসদ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
দেশের স্বার্থ ও গণতন্ত্র সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন দলের এই শীর্ষ নেতা।