ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৪৭ পিএম
তাহসিনা রুশদীর লুনা, ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে প্রথমবারের মতো নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাহসিনা রুশদীর লুনা। সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তিনি এ ইতিহাস গড়লেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৭৯ হাজারের বেশি।
সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম রাতে এ ফল ঘোষণা করেন। বিশ্বনাথ উপজেলার ৭৪টি এবং ওসমানীনগর উপজেলার ৫৪টি—মোট ১২৮টি ভোটকেন্দ্রের ফল সংকলন করে এই বেসরকারি ফল প্রকাশ করা হয়।
তাহসিনা রুশদীর লুনা হলেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী–এর স্ত্রী। ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই সিলেট-২ আসনে লুনার রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা চলছিল। লুনার দাবি, তৎকালীন সরকার ইলিয়াস আলীকে গুম করেছে।
প্রার্থিতা নিয়ে শুরুতে দলের ভেতরে কিছু মতভেদ থাকলেও নির্বাচনী প্রচারণার শেষ দিকে নেতা-কর্মীরা লুনার পক্ষে ঐক্যবদ্ধ হন। ভোটের ফল সেই ঐক্যেরই প্রতিফলন দেখিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৪০৮ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের মো. মুজিবুল হক পেয়েছেন ৬৩৭ ভোট।
সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম নারী এমপি হিসেবে লুনার জয়কে রাজনৈতিক অঙ্গনে ‘প্রতীকী ও তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।