অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান

শোবিজ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০২:৪৩ পিএম

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান

ছবি: সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে স্মরণ করে আবেগঘন এক লেখা প্রকাশ করেছেন। ‍‍`বন্ধু‍‍` শিরোনামে ফেসবুকে দেওয়া এই স্মৃতিচারণে তিনি তুলে ধরেছেন রাহুলের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

জয়া লিখেছেন, ‍‍`রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক ‘অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘চিরনিদ্রায় এক অনন্য শিল্পী’— যার চলে যাওয়া যেন বিশ্বাস করা কঠিন।‍‍`

জয়া ও রাহুল প্রথম এবং শেষবার একসঙ্গে অভিনয় করেন ‘ঝরা পালক’ সিনেমায়। এই ছবিতে রাহুল অভিনয় করেন জীবনানন্দ দাশ-এর চরিত্রে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, ‍‍`অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতো।‍‍`

একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে রাহুলের শিল্পীসত্তার গভীরতায় মুগ্ধ হন জয়া।

তিনি আরও লিখেন, ‍‍`অভিনয়, কথাবার্তা, আদর্শ এবং লেখনী— সবকিছুতেই অরুণোদয় ছিলেন নির্মোহ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। এই গুণাবলিই তাকে অন্যদের থেকে আলাদা করে।‍‍`

লেখার শেষাংশে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-এর প্রতি সহমর্মিতা জানিয়ে জয়া বলেন, ‍‍`প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম— এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।‍‍`

সবশেষে তিনি লিখেন, ‍‍`অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।‍‍`

এর আগে, রোববার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে মারা যান রাহুল অরুণোদয়। সে সময় শুভাশিস মণ্ডল পরিচালিত ‍‍`ভোলে বাবা পার করেগা‍‍` ধারাবাহিকের শুটিং চলছিল।

Link copied!