এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং অভিনেতা শাকিব খান একসময় জুটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই জুটি একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। পরে পর্দার বাইরেও তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০০৮ সালে তারা বিয়ে করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’
বর্তমান সময়ে ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, এসব নেতিবাচক বিষয় তাকে খুব একটা বিচলিত করে না; বরং বেশিরভাগ সময় তিনি এগুলো এড়িয়ে চলেন এবং কখনও কখনও উপভোগও করেন।
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে তিনি বিয়ের কথা প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।
সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’
উল্লেখ্য, আসছে কুরবানির ঈদে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।