ছবি: সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভারজনিত জটিলতায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজিউন অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কস্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্রাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন’
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় মনোযোগী ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬ ২৪ ৩৬। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।
কারিনা কায়সারের অকাল মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্ত তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।