চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে সরকার।
জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. শাহিদা আক্তার বলেন, ‘স্বাস্থ্য বিভাগের একটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। প্রস্তাবটি হলো, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে সার্স কোভ-২ ভ্যাকসিন ভেলোসেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’
জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে বলেও তিনি জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই দেড় কোটি টিকা কিনতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। সিনোফার্মের তৈরি এই টিকার প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করে ঢাকা। এরই প্রেক্ষিতে করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আশ্বস্ত করে চীন। শুরুতে ৫ লাখ করোনার টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় শি জিনপিং প্রশাসন।