মহামারি করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণে বেড়ে যাওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি স্থানে করোনা ডেডিকেটেড ফিল্ড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার শুক্রবার (৯ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিঞা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’স্বল্পতম সময়ের মধ্যে এগুলো চালু করা হবে বলেও স্বাস্থ্যসেবা সচিব জানান।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, ‘এই মুহূর্তে ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই, এর পরও আগাম প্রস্তুতি হিসেবে ফিল্ড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
করোনা রোগীদের চিকিৎসা সেবায় রাজধানীর হাসপাতালগুলোতে কোনো নিবিড় পরিচর্যা ইউনিট সংকট রয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট নেই। ঢাকায় যে কয়টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো রয়েছে, অধিকাংশতেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে।’