ডব্লিউএইচও’র অনুমোদন পেলেই শিশুদের টিকা দেওয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০৫:০০ পিএম

ডব্লিউএইচও’র অনুমোদন পেলেই শিশুদের টিকা দেওয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেই ১২-১৮ বছর বয়সীদের করোনার টিকা দেয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিশুদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, অনুমোদন পেলে টিকা প্রাপ্তি সাপেক্ষে কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই বিশ্বের ২২টি দেশে শিশুদের টিকা দেয়া হচ্ছে। ওইসব দেশ নিজ দায়িত্বে এসব টিকা প্রয়োগ করছে।

জাহিদ মালেক আরও জানান, চলতি মাসে দেশে আরও আড়াই কোটি ডোজ করোনার  টিকা আসবে। এসব টিকার মধ্যে  রয়েছে চীনের তৈরি সিনোফার্মের ২ কোটি ডোজ। আর  ফাইজার থেকে আসবে বাকি ৫০ লাখ ডোজ টিকা।

বিশ্বে শিশুদের জন্য মডার্না ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের টিকা বাচ্চাদের ওপর দেয়ার বিষয়ে গবেষণা চলছে।

Link copied!