২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৯৯৩ জন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৯:৪১ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৯৯৩ জন

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের, আর ঢাকার বাইরে ৬ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৯৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৪ হাজার ২৯৭ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৩২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬৭ হাজার ৫৯ জন এবং ঢাকার বাইরে ৮১ হাজার ২৬৯ জন। 

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৭ হাজার ২২৭ জন। এর মধ্যে ঢাকায় ৬২ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরে ৭৫ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৭৩০ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ।

জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। আর চলতি সেপ্টেম্বর মাসের ১০ দিনে মারা যায় ১৩৭ জন।

Link copied!