ডেঙ্গু কেড়ে নিলো তরুণ চিকিৎসকের প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০৫:৫৭ পিএম

ডেঙ্গু কেড়ে নিলো তরুণ চিকিৎসকের প্রাণ

সংগৃহীত ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩৯তম বিসিএস কর্মকর্তা চিকিৎসক দেওয়ান আলমিনা মিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সোমবার রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

চিকিৎসক মিশু ঢাকার মাতুয়াইলে বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।

বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান গণমাধ্যমকে জানান, “মিশু আমাদের নিয়মিত কর্মকর্তা নন, আমাদের এখানে এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তাঁর চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল।

২৬ জুলাই তাঁর জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। 

অধ্যাপক ডা. এম এ মান্নান জানান, “ডা. মিশু জুনের পর থেকে বিএসএমএমইউতে পড়ালেখা করছিলেন, সেখানে তাঁর প্লেসমেন্ট ছিল। গত ২৪ জুলাই তাঁর জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভারকেয়ার থেকে তাঁর পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। রাতে সেখানেই মারা যান।”

চিকিৎসক মিশুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। তাঁর ছোট একটি মেয়ে রয়েছে।

এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজারের বেশি রোগী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২৭ জনের।

Link copied!