এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড, হাজার ছাড়ালো আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ০৮:২৭ পিএম

এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড, হাজার ছাড়ালো আক্রান্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন, যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৪ জন ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এর আগে রোববার ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২৮ জন ও ঢাকার বাইরের ৪২৬ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

Link copied!