ডেঙ্গু চিকিৎসায় রাজধানীতে ৬ ডেডিকেটেড হাসপাতাল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ০৪:৫৬ পিএম

ডেঙ্গু চিকিৎসায় রাজধানীতে ৬ ডেডিকেটেড হাসপাতাল

ডেঙ্গু চিকিৎসার জন্য রাজধানীতে ৬টি হাসপাতালকে ডেডিকেটেড হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল ৬টি হলো-  পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল ও কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

দেশে গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৩ শতাধিক রোগীর অধিকাংশই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং বাকীরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন  ৮ হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৭৮৭ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। 

Link copied!