করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীন সরকারের কাছ থেকে উপহার পাওয়া দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১১ লাখ টিকা প্রদান কার্যক্রম শনিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে টিকাদান শুরু হয়। রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।
এর আগে, শুক্রবার (১৮ জুন) অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সংবাদমাধ্যমকে বলেন, শনিবার(১৯ জুন) থেকে সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মীসহ মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। ইতোমধ্যে টিকা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা আগের মতো প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
চীনের সিনোফার্মের এই টিকা দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্র থেকে দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মী
চীনের সিনোফার্মের করোনাভাইরাসের এই টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় যুক্ত করা হয়েছে বিদেশগামী কর্মীদের।
বৃহস্পতিবার (১৭ জুন) টিকাগ্রহণকারী জনগোষ্ঠীর তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে দেশের বিভিন্ন হাসপাতাল এবং সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে টিকা দেওয়ার জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। এতে তিন নম্বরে রাখা হয়েছে বিদেশগামী কর্মীদের।
ডা. শামসুল হক বলেন, ‘এটা আমাদের ওয়েজ আর্নার্স বা অভিবাসী যারা, তাদের জন্য। এর জন্য অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরো থেকে নিবন্ধিত হতে হবে। বেড়াতে যাচ্ছেন, এমন কেউ টিকা পাবেন না।’
স্বাস্থ্য অধিদপ্তরের ওই চিঠিতে বলা হয়েছে, চীন সরকারের উপহার হিসেবে দেওয়া ১১ লাখ টিকার প্রয়োগ শুরু হবে ১৯ জুন। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেওয়া হবে।
এছাড়া এরইমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি তাদের সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে।
এতে বলা হয়েছে, সিনোফার্মের টিকা দেওয়ার জন্য ঢাকা জেলা বাদে প্রতিটি জেলায় একটি করে টিকাদান কেন্দ্র করা হবে। প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে।