অক্টোবর ২৬, ২০২২, ০৩:৩২ পিএম
ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে। দেশটির দুই রাজ্যে এ বছরই নির্বাচন। সামনের বছর কংগ্রেস শাসিত দুই রাজ্যে নির্বাচন এবং সর্বোপরি ২০২৪ সালে ‘মোদি হাওয়া’র মোকাবিলা।
সামনের দুই বছরে এই পাঁচ ‘চ্যালেঞ্জ’ মাথায় নিয়েই কংগ্রেস সভাপতির পদে বসলেন মল্লিকার্জুন।
বুধবার নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’র (এআইসিসি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নেন মল্লিকার্জুন খাড়গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
দায়িত্ব গ্রহণের পর দলের সবার সহযোগিতা চেয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, এটা আমার জন্য আবেগের ব্যাপার। একজন শ্রমিকের ছেলে, ব্লক স্তরের সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে জীবন শুরু করে আজ দলের প্রধানের পদে বসতে পারা আমাকে আবেগাপ্লুত করে তুলেছে। আমাকে এই দুর্লভ সম্মান প্রদর্শনের জন্য আপনাদের সবাইকে নতমস্তকে ধন্যবাদ জানাই।