ক্ষমতা গ্রহণের ৪৫ দিনের মাথায় আকস্মিক পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। যুক্তরাজ্যে এখন তাই সবচেয়ে আলোচিত প্রশ্ন কে হবেন লিজের উত্তরসূরি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে লড়াইয়ে এগিয়ে আসবেন কে?
জানা গেছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট প্রধানমন্ত্রী পদের লড়াইয়ের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছেন। তবে এ লড়াইয়ের মঞ্চে রাজনৈতিক অঙ্গন ও সংবাদ মাধ্যম এগিয়ে রাখছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে।
বরিস জনসনের পদত্যাগের পর গত সেপ্টেম্বরে লিজ ট্রাস নির্বাচিত হন কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে। করোনাকালে লকডাউনের মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন থেকে শুরু করে বহু বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন জনসন। এখন তাঁকে আবার প্রধানমন্ত্রীর পদে ফেরাতে চাইছেন পার্লামেন্টে ও দলে থাকা তাঁর মিত্ররা।
বরিসের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক নাদিন ডরিসের মতে, বরিসের আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত। কারণ, ২০১৯ সালের নির্বাচনে তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছিলেন।
তবে যিনিই প্রধানমন্ত্রী পদের প্রার্থী হন না কেন, ৩৫৭ জন কনজারভেটিভ (টোরি) এমপির মধ্যে ন্যূনতম ১০০ জনের সমর্থন পেতে হবে তাঁকে। প্রার্থী একজন হলে আর ভোটাভুটি হবে না। নির্বাচনপ্রক্রিয়া ২৮ অক্টোবরের মধ্যে শেষ করে জানিয়ে দেয়া হবে প্রধানমন্ত্রী পদে আসছে নতুন মুখ না কি পুরনো কেউই!