ইউক্রেনকে যেকারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে না জার্মানি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২২, ০৬:১৪ পিএম

ইউক্রেনকে যেকারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে না জার্মানি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। ন্যাটোর বাইরে থাকা কোনো রাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে জার্মানি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

টোবিয়াস লিন্ডনা নামের জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ ওই কর্মকর্তা পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রেউত্তর আটলান্টিক সামরিক জোট-ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা।  হঠাৎ করে ইউক্রেনের মতো তৃতীয় পক্ষকে দেওয়ার মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বার্লিনের সংগ্রহে নেই।

এর বদলে জার্মানি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়ে পোল্যান্ডের নিরাপত্তা জোরদার করার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।  

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। এ ঘটনার পর দেশটির আকাশসীমার সুরক্ষায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি। তবে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তার দেশে না পাঠিয়ে ইউক্রেনে পাঠানোর জন্য জার্মানির কাছে প্রস্তাব করেন।  পোল্যান্ডের ওই প্রস্তাবে সায় দেয়নি  জার্মানি।

নভেম্বরের শেষের দিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখটও বলেছিলেন, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ন্যাটোর সমন্বিত আকাশ প্রতিরক্ষার অংশ। এর অর্থ হলো- এগুলো ন্যাটো জোটের আওতাধীন এলাকায় মোতায়েন করতে হবে। ন্যাটোভুক্ত এলাকার বাইরে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে হলে আগে জোট ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ইউক্রেন ন্যাটোর সদস্যরাষ্ট্র নয়।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন,যুদ্ধে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার যে নীতি রাশিয়া এতদিন গ্রহণ করছিল তা থেকে তার দেশ সরে আসতে পারে।

স্থানীয় সময় শনিবার কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন। এনিয়ে চলতি সপ্তাহে তিনি দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন।

Link copied!