জুলাই ১৩, ২০২২, ১২:১০ পিএম
ইউক্রেনে রুশ বাহিনী দাবি করেছে, তারা মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইউনিট তারা ধ্বংস করে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে এই হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। তবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে মার্কিন অস্ত্রনির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং।
রাশিয়ার সামরিক বাহিনী জানায়, তারা হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার জন্য স্বল্প পাল্লার ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, ওডেসা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে বেরেযান গ্রামের কাছে এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন ছিল।
রবিবার রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল, তারা ইউক্রেনের অধীনে থাকা মার্কিন নির্মিত এম-৭৭৭ হাউয়িটজার ধ্বংস করেছে। এছাড়া, গত ৬ জুলাই ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা মার্কিন নির্মিত হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের দুটি ইউনিট ধ্বংস করে রাশিয়ার সেনারা।
মস্কো আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের চালান হবে রাশিয়ার সামরিক বাহিনীর হামলার প্রধান ও বৈধ লক্ষ্য বস্তু।