ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে প্রায় ৭০০ মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির জাভা প্রাদেশিক সরকার।

বাংলাদেশ সময় সোমবার দুপুরে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠির ১০ কিলোমিটার গভীর ভূকম্পটির কেন্দ্রস্থল বলে জানিয়েছে দেশটির জিও ফিজিক্স এজেন্সি (বিএমকেজি)। তবে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেও জানায় বিএমকেজি।
সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন,‘এখন পর্যন্ত শুধু এই হাসপাতাল থেকে(সিয়ানজুর শহরের হাসপাতাল) আমি যে তথ্য পেয়েছি, প্রায় ২০ জন মারা গেছেন। কমপক্ষে ৭০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’

ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অন্তত কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি ইসলামিক বোর্ডিং স্কুল এবং একটি হাসপাতালও রয়েছে। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
শক্তিশালী কম্পনের ফলে লোকজন তাদের বাড়িঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন প্রসঙ্গত, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।