পাকিস্তান পার্লামেন্টের দুটি আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ১০৮ ও ১১৮ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার নির্বাচন বিষয়ক ট্রাইব্যুনাল ইমরান খানের বিরুদ্ধে দেয়া সিদ্ধান্ত বাতিল করে দিয়ে নির্বাচন করার পক্ষে রায় ঘোষণা করেন।
এর আগে ফয়সালাবাদের আসন ১০৮ নিয়ে রিটার্নি অফিসার তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। একই সঙ্গে ১১৮ নম্বর নানকানা সাহিব আসনে ইমরানের মনোনয়নপত্র বাতিল করার দাবি জানিয়েছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)।
পাকিস্তানের অনলাইন জিও নিউজ’র প্রতিবেদনে বলা হয়, ইমরান খান জাতীয় পরিষদের ৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে জেলা নির্বাচন কমিশনার ১০৮ নম্বর আসনে ইমরানের মনোনয়নপত্র বাতিল করে দেন। অন্যদিকে ১১৮ নম্বর আসনের মনোনয়নপত্রকে চ্যালেঞ্জ জানায় নওয়াজ শরিফের পিএমএলএন।