নভেম্বর ২, ২০২২, ১২:৪৪ পিএম
এক রাতের বৃষ্টিতে ভেসে গেল শহর। মারা গেছে কমপক্ষে দুইজন। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, গত ৩০ বছরে এমন বর্ষণ হয়নি ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে!
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত যে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারমধ্যে একজন হলেন অটোচালক (৫২)। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আরেকজন মারা যান দেওয়াল ভেঙে উপরে পড়ায়।
এরকম বর্ষণ-বিপর্যয় গত তিন দশকের মধ্যে দেখেনি চেন্নাইবাসী! উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবেই এই হঠাৎ-বৃষ্টি ঘটেছে সেখানে। মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে ভেসে যাচ্ছে চেন্নাই। রাস্তাঘাট ডুবে গেছে। স্কুল-কলেজ সব বন্ধ।
চেন্নাইয়ের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে আজ বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চেন্নাইয়ে ১২৬.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানা গেছে। শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠকে বসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই-সহ তামিলনাড়ুর একাধিক জায়গায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি জমতে শুরু করেছে। বৃষ্টিতে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা যায়। এক অটোচালক (৫২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং দেওয়াল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক নারীর (৪৫)।
রাজ্য সূত্রে জানা যায়, একাধিক এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টির জেরে চেন্নাইয়ের দুটি সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র যানজট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ু সরকারের তরফে চেন্নাই, তিরুভাল্লুর-সহ একাধিক জেলার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টু-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া দফতর বলছে, বুধবারও সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার সকালেও বৃষ্টি না কমায়, তামিলনাড়ু সরকারের তরফে চেন্নাই, তিরুভাল্লুর ও রানিপেট জেলার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।
সূত্র: জি নিউজ