ভারতের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন এনডিটিভির ‘নিয়ন্ত্রণ পেতে চলেছে’ ধনকুবের গৌতম আদানির কোম্পানি। প্রথম ধাপে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার পরোক্ষভাবে অধিগ্রহণ করেছে আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল)। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এনডিটিভির পক্ষ থেকে বলা হয়েছে, স্টেশন মালিক রাধিকা রায় ও প্রণয় রায়ের সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনাই করা হয়নি।
“আমাদের কোম্পানির কোনো শেয়ার বিক্রি হচ্ছে না, আর মালিকানায়ও বদল হচ্ছে না।”
ইংরেজিতে এনডিটিভি ২৪ ঘণ্টা, হিন্দিতে এনডিটিভি ইন্ডিয়া এবং বাণিজ্যিক খবরের একটি চ্যানেল পরিচালনা করে এনডিটিভির মূল প্রোমোটার আরআরপিআর।
এই আরআরপিআর-এর মালিক হচ্ছেন রাধিকা রায় এবং তার স্বামী প্রণয় রায়। তারা ১৯৮৮ সালে এনডিটিভি প্রতিষ্ঠা করেছিলেন।
মঙ্গলবার আদানি গ্রুপ জানিয়েছে, এনডিটিভির শেয়ারের ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার কিনেছে তাদের এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার উন্মুত্ত প্রস্তাব দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানি। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত আট বছরে আদানির সম্পদ বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত এনডিটিভির নিয়ন্ত্রণ নিতে চলেছেন তিনি।