ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে।প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার পেলেন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে এলেন।
৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। অপর প্রতিদ্বন্দ্বী শশী থারুর (৬৬) পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।
সোমবারের ভোটে, 'গান্ধি-অনুমোদিত' প্রার্থী হিসেবে পরিচিত খাড়গে ৯০ শতাংশ ভোট পেয়েছেন।
নতুন নেতা নির্বাচনের পর সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভূমিকা কী হবে এবং তিনি নতুন নেতার অধীনে কাজ করবে না কী না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'নতুন সভাপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'
কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, দেশজুড়ে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া আরও প্রায় ৫০ জন।
এদিকে শশী থারুর নির্বাচনী প্রক্রিয়ায় 'গুরুতর ও বড় আকারের অনিয়মের' অভিযোগ আনেন। থারুরের প্রতিনিধি সালমান সজ পরবর্তীতে জানান, তাদেরকে এ বিষয়ে 'নিরপেক্ষ তদন্তের' আশ্বাস দেওয়া হয়েছে।