কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ১২:৪২ এএম

কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলা

কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার অভিযোগ, হামলায় ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে কৃষ্ণসাগর নৌবহরের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, এ হামলায় ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য।

শনিবার (২৯ অক্টোবর) সকালে ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে এ হামলা চালানো হয়। 

২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। তবে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এ অঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেন। চলমান যুদ্ধে অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, ইউক্রেনে অভিযান চালানোর ক্ষেত্রে সরঞ্জাম রাখার জন্য ক্রিমিয়ার ভূমি ব্যবহার করছে রুশ বাহিনী।

নৌবহরে ড্রোন হামলার ঘটনায় মস্কোর দাবি, ব্রিটিশ বিশেষজ্ঞরা এ হামলায় জড়িত। তাঁরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওচাকিভ শহরে অবস্থান করছেন। ইউক্রেন বাহিনীকে এ হামলা চালাতে প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা। তবে এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি মস্কো। এ ছাড়া হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এ দিকে ব্রিটিশ সরকার এ হামলার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর এ দাবি মিথ্যা।

সূত্র: এএফপি 

Link copied!