জুলাই ৩১, ২০২৩, ০৪:১৩ পিএম
সংগৃহীত ছবি
ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কনস্টেবলের গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অপর তিনজন হলেন- ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মী ও দুই সাধারণ যাত্রী।
সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে ওই পুলিশকর্মী তার বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চেতন সিং। গুলি চালিয়ে চার জনকে হত্যার পরই ট্রেনের চেন টেনে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। তার অস্ত্রটিও জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, চেতন সিং মানসিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিনও তার অসহিষ্ণু লাগছে বলে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। ওইসময় চেতন সিংকেবিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।